অষ্টম শ্রেণিতে পুনরায় চালু হচ্ছে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে শিক্ষা মন্ত্রণালয়। দীর্ঘ প্রায় ১৬ বছর পর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আবারও চালু হচ্ছে ‘জুনিয়র বৃত্তি পরীক্ষা’।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের শেষের দিকে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহারের সভাপতিত্বে শিক্ষা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২০০৯ সালের পর অষ্টম শ্রেণিতে আর কোনো বৃত্তি পরীক্ষা হয়নি। এরপর জেএসসি ও জেডিসি পরীক্ষা চালু হলেও নানা সমালোচনার মুখে ২০২৩ সালে তা বাতিল হয়। শিক্ষার্থীদের মেধা যাচাই ও উৎসাহ দিতে এবার নতুন করে বৃত্তি পরীক্ষার ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।
তবে এখনো বৃত্তি পরীক্ষার পদ্ধতি, কোন সংস্থা পরীক্ষা নেবে এবং কীভাবে শিক্ষার্থীদের বাছাই করা হবে—তা চূড়ান্ত হয়নি। নতুন নীতিমালা অনুযায়ী কত শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে পারবে, সেটিও শিগগিরই নির্ধারণ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও যোগ্যতা যাচাই করাই এই বৃত্তি পরীক্ষার মূল উদ্দেশ্য। এ উদ্যোগের ফলে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী হবে বলে আশা করা হচ্ছে।
